কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক: সম্পর্ক জোরদারের আহ্বান
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুয়েতের স্থায়ী মিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্কের ভিত্তি অনেক গভীরে প্রোথিত। পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের যে ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে গড়ে উঠেছিল, তা সময়ের পরিক্রমায় আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে এই সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ ও জনশক্তি রপ্তানির মতো সম্ভাবনাময় খাতগুলোতে সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। কুয়েতের বিনিয়োগকারীরা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়মিত যোগাযোগ এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।
ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহ বাংলাদেশের সঙ্গে কুয়েতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তা আরও সুসংহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দুই নেতা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার এই সহযোগিতা কেবল অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।