২০ বারের মতো পেছাল শরিফ ওসমান হাদি হত্যার সিআইডির প্রতিবেদন
শরিফ ওসমান হাদি । ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ২০ বারের মতো পেছাল। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত আগামী ৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আজ আদালতে প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে বিচারক প্রতিবেদন দাখিলের জন্য নতুন ওই তারিখ ঠিক করে দেন।
এর আগে গত ৬ জানুয়ারি এই মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ডিবির ওই অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি আদালতে নারাজি (অসম্মত) আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর মতিঝিল এলাকায় জুমার নামাজ ও নির্বাচনী প্রচার শেষে অটোরিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে অটোরিকশাটি পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।