মিরপুরে ফুটপাত উচ্ছেদ নিয়ে উত্তেজনা: সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ভাঙচুর
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি দল মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায়। এ সময় হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নেয়।
অভিযোগ রয়েছে, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে হকার ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দাবি করেন, উচ্ছেদ অভিযানের অব্যবস্থাপনার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এরপরই তারা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়ি ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ও দায়িত্বরত পুলিশের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
সংঘর্ষের জেরে মিরপুর-১০ নম্বর ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।