আয়রন রঙের পোশাক চালুর মাত্র সাত মাসের মাথায় ফের পোশাক বদলাচ্ছে পুলিশ। এবার জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্ট এবং খাকি প্যান্ট পরবেন। আর মহানগর পুলিশের শার্টের রং হবে হালকা জলপাই (লাইট অলিভ)।


বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধ্যাদেশ, ১৮৬১–এর ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনক্রমে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধন করা হয়েছে। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাবের পোশাকে কোনো পরিবর্তন আসছে না।


এছাড়া শীতের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আগের আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের জায়গায় আসছে গাঢ় নীল রঙের পোশাক। তবে মহানগর পুলিশের জন্য জ্যাকেটের রং রাখা হয়েছে লাইট অলিভ।


প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাক নিয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। জেলাসহ অধিকাংশ ইউনিটের নারী সদস্যরা পরবেন গাঢ় নীল শাড়ি ও ব্লাউজ। মহানগর পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে শাড়ি হবে গাঢ় নীল, তবে ব্লাউজ হবে লাইট অলিভ রঙের। অনুমোদিত হেড কভারও হতে হবে গাঢ় নীল। এ ছাড়া গর্ভবতী নারী সদস্যরা ইউনিট প্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক পরতে পারবেন।


গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের দাবি জোরালো হয়। সেই প্রেক্ষাপটে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আলোকে গত বছরের ২৫ নভেম্বর আয়রন রঙের নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। কিন্তু সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাহিনীর অভ্যন্তরীণ জরিপেও অধিকাংশ সদস্য নতুন পোশাকের বিপক্ষে মত দেন। সেই প্রেক্ষাপটেই আবারও পোশাকে পরিবর্তন আনা হলো।