জিয়ার মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পেয়েছিল: রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে এ দেশ প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী তাঁর বক্তব্যে ১৯৭৫ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে আইন করে এবং বাকশাল গঠন করে জনগণের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার সেই উদ্যোগের পর পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি হয়। সে সময় দেশকে চরম অরাজকতা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ পাওয়ার, যা জিয়াউর রহমান এনে দিয়েছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২৩ নভেম্বর এ দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও তাঁর পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত হওয়ার আশা-আকাঙ্ক্ষা হতাশায় নিমজ্জিত হয় এবং চারদিকে শঙ্কা ও চরম অরাজকতা তৈরি হয়। এরপর ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন এবং তাঁর এই মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পায়।
রিজভী দাবি করেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তাঁর নেতৃত্বেই এ জাতি বহুদলীয় গণতন্ত্র ফিরে পায়।


