বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজনীতি

পোশাকশিল্পে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা সংযোগ ডেস্ক

Published :
পোশাকশিল্পে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে তা জাতির সামনে উন্মোচন করা হবে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ বুঝতে পারছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। তিনি উল্লেখ করেন, দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে।

তৈরি পোশাকশিল্প প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাতটিতে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এই প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

তিনি জানান, পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশে শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তবে পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ না পায়। আন্তর্জাতিক ক্রেতা ও বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি দেশে শতভাগ বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় থাকার আশ্বাস দেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা সিএমএম আদালত এলাকার ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সামগ্রিক পরিস্থিতির অবনতি দাবি করা যায় না।

হত্যাকাণ্ডের পরিসংখ্যান প্রসঙ্গে তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কম।

স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে। এ ছাড়া দেশের বাইরে পালিয়ে থাকা ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডের আইনগত বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বিরোধীদলীয় নেতা বা তাঁর দলের সংসদ সদস্যদের কাছে কোনো হুমকির তথ্য বা গোয়েন্দা বার্তা থাকলে তা সরকারকে জানানোর আহ্বান জানান তিনি, যাতে বিষয়টি তদন্ত করে দেখা যায়।