আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের তথ্য পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ খালিদ মুনসুর আরও জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাসাটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের। তিনি কত দিন ধরে সেখানে অবস্থান করছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মামলাগুলোর বিষয়ে ওসি খালিদ মুনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে থাকা ১৪টি মামলার বেশির ভাগই সিলেটে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন। তাঁর বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

