বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা নিহত
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুই বাসের চাপায় তাসপিয়া আহমেদ ওরফে তিসা (৩১) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আফতাবনগরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করার পাশাপাশি চালক ও চালকের সহযোগীদের (হেলপার) আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তাসপিয়া কোনো একটি ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। ফরাজী হাসপাতালের সামনের সড়কে তিনি একটি মোটরসাইকেলের পেছন থেকে হঠাৎ পড়ে যান। এ সময় সেখানে থাকা ‘রমজান পরিবহন’-এর একটি বাস এবং অন্য আরেকটি বাসের মাঝে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষিকার লাশ উদ্ধার করে। সুরতহাল ও প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক রমজান পরিবহনের বাসটিসহ দুটি বাসই জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই বাসের চালক ও হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তাসপিয়ার ভাই এনাম আহমেদ। তিনি জানান, তাঁর বোন মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ার পর দুই বাসের চাপায় পিষ্ট হন বলে তাঁরা জানতে পেরেছেন।
নিহত তাসপিয়ার বাবার নাম শফিউদ্দিন আহমেদ। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসরপাড়ায়। তবে তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় নিজেদের বাড়িতেই বসবাস করতেন। তরতাজা এক প্রাণের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।