মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই একান্ত বৈঠক শুরু হয়। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। একান্ত বৈঠকের পর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।


এর আগে সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।


কার্যালয়ের চত্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। সংবর্ধনা পর্ব শেষে দুই দেশের সরকারপ্রধান নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং দুই নেতা একান্ত বৈঠকে বসেন।


বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম জানান, বৈঠকে মূলত নিচের ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আলোচনা হচ্ছে:
শ্রমবাজার ও কর্মী প্রেরণ: বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা, কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ ও সিন্ডিকেটমুক্ত করা এবং সেখানে থাকা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে।
বাণিজ্য ও বিনিয়োগ: দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হচ্ছে।
জ্বালানি ও হালাল অর্থনীতি: জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি ও বাংলাদেশের হালাল পণ্য মালয়েশিয়ার বাজারে সহজে প্রবেশের ব্যাপারে দুই পক্ষ আলোচনা করছে।
কৃষি ও শিক্ষা: কৃষি প্রযুক্তি ও উচ্চশিক্ষা খাতে পারস্পরিক বিনিময় জোরদার করা।
আঞ্চলিক সহযোগিতা: আসিয়ানে বাংলাদেশের যোগদান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন কামনা।

 

উচ্চপর্যায়ের এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অংশ নিচ্ছেন এক শক্তিশালী প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ আরও অনেকে। 

 

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, জুবাইদা রহমান এবং সফরকারী প্রতিনিধিদল। মধ্যাহ্নভোজ চলাকালীন মালয়েশিয়ার স্থানীয় শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় বিভিন্ন ঐতিহ্যবাহী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।


বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী সড়কগুলোর দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

 

ডব্লিওএকে/ বাংলাসংযোগ