কড়া শর্তে ইরানের প্রেসিডেন্টকে ভিসা দিল যুক্তরাষ্ট্র, পাননি ফিলিস্তিনের আব্বাস
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনে ইরানি প্রেসিডেন্ট ও তাঁর প্রতিনিধিদলের যোগদান নিশ্চিত করতেই ভিসা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ইরান সরকারের মূল প্রতিনিধিদলকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।’
কড়া শর্ত ও চলাফেরায় বিধিনিষেধ
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের তুলনায় ইরানি প্রতিনিধিদলকে বেশ কিছু অতিরিক্ত ও কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, কেবল সীমিত আকারের একটি প্রতিনিধিদলকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মার্কিন নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁদের কঠোর ভ্রমণ বিধিনিষেধ মেনে চলতে হবে। এর পাশাপাশি যেকোনো ধরনের বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রেও তাঁদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ভিসা পেলেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম বৈরিতা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। তবে এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ভিসার আবেদন করলেও মার্কিন প্রশাসন তাঁকে ভিসা দেয়নি।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি যদি তাঁর বক্তব্যের কোনো ভিডিও বার্তা পাঠান, তবে তা অধিবেশনে প্রচার করা হবে।
সূত্র : এএফপি