দেশের বিভিন্ন ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ‘স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট’ (এসএমইএসপিডি)-এর পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ক্লাস্টার উদ্যোক্তাদের এই ঋণ সুবিধা দেওয়া হবে।

চুক্তিপত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও (চিফ বিজনেস অফিসার) ড. মো. জাহিদ হোসেন স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের এসভিপি ও এসএমই বিভাগের প্রধান নিজামুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ চুক্তির মূল উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার মাধ্যমে তাঁদের ব্যবসার পরিধি বাড়াতে সহায়তা করা। এর ফলে দেশের গ্রামীণ ও উপশহর এলাকার উৎপাদনমুখী শিল্প খাতের বিকাশ ঘটবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।