বিজ্ঞাপন
অর্থনীতি

সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

বাংলা সংযোগ ডেস্ক

Published :
সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ

ছবি : সংগৃহীত

নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও সুরক্ষাব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট (bb.org.bd) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলে সেটি রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকার বার্তা দেখা যায়। মূলত বিশ্বজুড়ে প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রাত ৯টার পর থেকে ব্যাংকটির মূল ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যবহারকারীরা ‘The Service is under Maintenance’ (সেবাটির রক্ষণাবেক্ষণ চলছে) লেখা একটি বার্তা দেখতে পাচ্ছেন। এর নিচে ইংরেজিতে লেখা রয়েছে, ‘নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আমাদের সেবাটি বর্তমানে বন্ধ রয়েছে। আমরা শিগগিরই অনলাইনে ফিরব। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক।’

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়েবসাইটের কোনো নিরাপত্তা দুর্বলতা আছে কি না, তা শনাক্ত ও সমাধানে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে। আশা করি খুব শিগগিরই ওয়েবসাইটটি পুনরায় চালু করতে পারব।’

পিএইচপিতে কী ত্রুটি, কেন বিশ্বজুড়ে এই সতর্কতা
সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় জনপ্রিয় সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘উইজ’–এর তথ্যমতে, এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকেই সার্ভারে অননুমোদিত নির্দেশনা বা কোড কার্যকর (রিমোট কোড এক্সিকিউশন) করার সুযোগ পেতে পারে। এতে করে সার্ভারে থাকা গুরুত্বপূর্ণ ফাইল, ডেটাবেইস ও স্পর্শকাতর তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে।

এই নিরাপত্তা ত্রুটি প্রকাশ্যে আসার পর বিশ্বের বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বেশ কয়েকটি দেশের সরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়া মানেই যে ওয়েবসাইটে হামলা হয়ে গেছে। বিষয়টি এমন নয়; বরং এটি বড় ধরনের ক্ষতি এড়ানোর পূর্বপ্রস্তুতি। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় পিএইচপি প্রযুক্তির ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশেরও অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট পিএইচপিভিত্তিক। ফলে এই বৈশ্বিক নিরাপত্তা ত্রুটির কারণে দেশের কোন কোন প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে, তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।