হাইব্রিড (সরাসরি ও ডিজিটাল) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। গত ৩০ জুন রাজধানীর বিসিআইসি অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। শেয়ারহোল্ডারদের সরাসরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ রেখে যৌথ সমন্বয়ে সভাটি সম্পন্ন হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্সের স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রফিকুল হাসান। সভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন স্বতন্ত্র পরিচালক কাজী মোস্তাক আহমেদ, এফসিএ, পরিচালক মো. হাসান খান এবং স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজা খানম।

বার্ষিক সাধারণ সভায় সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা সশরীরে উপস্থিত থাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন। এ ছাড়া কোম্পানির স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক এবং স্বাধীন নিরীক্ষকরাও সভায় যুক্ত ছিলেন।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া এবং গ্রুপ কোম্পানি সেক্রেটারি মুন্সী আবু নাঈম।

সভায় গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। একই সঙ্গে সভায় উপস্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক এজেন্ডাগুলো শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পাস হয়।