দেশের পুঁজিবাজার দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা গভীর সংকট ও মন্দা কাটিয়ে এখন ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তাঁর মতে, গত তিন মাসে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরার যে ইতিবাচক প্রতিফলন দেখা গেছে, তা বাজারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিবিএ আয়োজিত এক ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বিএসইসির নবগঠিত কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের স্বাগত জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাইফুল ইসলাম বলেন, ‘গত ১৫ থেকে ১৭ বছর ধরে আমরা একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। একসময় আমরা ভাবছিলাম এটি হয়তো একটি রূপান্তরকালীন বা সাময়িক পরিস্থিতি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দা অনেক দীর্ঘায়িত হয়েছে। তবে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময় এসেছে।’

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার বিষয়ে ডিবিএ সভাপতি বলেন, ‘বিগত তিন মাসে বাজারে যে ইতিবাচক প্রতিফলন দেখা গেছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করতে চাই, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের হারিয়ে যাওয়া আস্থা দেশের শেয়ারবাজারে আবার ফিরে আসছে।’

এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত তৎপরতার সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে। এই ইতিবাচক পরিবর্তন ও সময়োপযোগী সিদ্ধান্তগুলোই দেশের পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তিনি তাঁর বক্তব্যে জানান, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি কেবল কঠোর নিয়ন্ত্রক হিসেবে নয়, বরং একটি ‘সহায়ক’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি কমাতে তিন মাসের আর্থিক প্রতিবেদন জমার বাধ্যবাধকতা তুলে দিয়ে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ছয় মাসের রিপোর্টিং পদ্ধতি চালুরও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।