রাজধানীর মোহাম্মদপুর অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাঁদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নীতি নির্ধারণ কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. মোয়াজ্জেম হোসেন শাহীন বলেন, প্রাথমিক শিক্ষা হলো দেশের পুরো শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে শিক্ষকদের সামাজিক মর্যাদা, সুযোগ-সুবিধা এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। তিনি শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

প্রধান আলোচকের বক্তব্যে মো. সিরাজুল ইসলাম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং এই খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দেশের প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষকদের পেশাগত নানাবিধ সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও শেরপুরসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ এলাকার শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

ওকেআর / বাংলা সংযোগ