পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ১০টায় দেশের অধিকাংশ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে এ পরীক্ষা শুরু হয়। তবে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি বোর্ডের আওতাধীন পাঁচ জেলার পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত রয়েছে।

সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময় সকাল ১০টার অন্তত ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়।

আজ সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ওই জেলাগুলোর স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে। তবে দেশের বাকি অঞ্চলের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলবে।