দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ১৩ জুলাই ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে ভালো মানের প্রতি ভরি সোনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমল।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা গুনতে হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে গত ১৩ জুলাই নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নার দামও ভ্যাটসহ নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।