আইটেল বাজারে আনলো রাগড স্মার্টফোন ‘পাওয়ার ৮০’
নির্মাণকাজ, ভ্রমণ বা মাঠেঘাটে (ফিল্ডওয়ার্ক) কাজ করার সময় সাধারণ স্মার্টফোন নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। প্রতিকূল পরিবেশের কথা মাথায় রেখে এবার বিশ্বের প্রথম ‘ক্যাজ-ফ্রেম’ (Cage-frame) ডিজাইনের টেকসই বা রাগড স্মার্টফোন বাজারে এনেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান আইটেল। ‘পাওয়ার ৮০’ মডেলের এই ফোন যেকোনো কঠিন ও প্রতিকূল পরিবেশে ব্যবহারকারীদের নির্ভরযোগ্য সুবিধা দেবে।
ফোনটিতে এসজিএস ফাইভ-স্টার (SGS 5-Star) ড্রপ-প্রুফ এবং মিলিটারি-গ্রেড টেকসই সনদ রয়েছে। ফলে এটি ব্যবহারে বাড়তি কোনো কভার বা কেস যুক্ত করার প্রয়োজন হবে না।
ধুলা-কাদা ও পানিতে সুরক্ষিত
দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে গেলে, আঘাত লাগলে কিংবা ধুলাবালি ও কাদায় মাখামাখি হলেও ফোনটির কোনো ক্ষতি হবে না। কারণ, এতে রয়েছে আইপি৬৮ (IP68) ও আইপি৬৯ রেটিং। আইটেল জানিয়েছে, ফোনটিতে ব্যবহৃত নতুন প্রযুক্তির ক্যাজ-ফ্রেম যেকোনো আঘাতের শক্তি শোষণ করে তা ছড়িয়ে দেয়, ফলে ফোনের ভেতরের যন্ত্রাংশ পুরোপুরি সুরক্ষিত থাকে।
শক্তিশালী ব্যাটারি ও বড় পর্দা
প্রতিকূল পরিবেশে চার্জ দেওয়ার সুযোগ কম থাকে। তাই দীর্ঘ সময় ব্যবহারের জন্য ‘পাওয়ার ৮০’ স্মার্টফোনটিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারিটিতে রয়েছে বিশেষ ‘সেলফ-রিপেয়ার’ প্রযুক্তি, যা এর আয়ু বাড়াতে সাহায্য করে। এ ছাড়া কড়া রোদের মধ্যেও স্বাচ্ছন্দ্যে দেখার জন্য ফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে।
উন্নত প্রসেসর ও এআই সুবিধা
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা এই ডিভাইসে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ (Unisoc T7250)। রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির দারুণ সব ফিচার। এআইয়ের সাহায্যে এতে স্বয়ংক্রিয় ব্রাইটনেস নিয়ন্ত্রণ, কল করার সময় চারপাশের শব্দ বা নয়েজ কমানো এবং ৪.৫জি (4.5G) নেটওয়ার্ক সিগন্যাল শক্তিশালী করার সুবিধা পাওয়া যাবে।
প্রতিকূল ও কঠিন পরিবেশে যাঁরা কাজ করেন, তাঁদের দৈনন্দিন যোগাযোগ ও উৎপাদনশীলতা নিরবচ্ছিন্ন রাখতেই দীর্ঘস্থায়ী ব্যাটারি ও সর্বোচ্চ সুরক্ষার এই স্মার্টফোন বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে আইটেল কর্তৃপক্ষ।