ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ বন্ধ!
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীই তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় (Ads Manager) গিয়ে ‘পেইজ লাইক’ বা ফলোয়ার বাড়ানোর অপশনটি নির্বাচন করতে পারছেন না। এ নিয়ে দেশি-বিদেশি বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সাধারণত ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন বিজ্ঞাপন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য (Objective) বেছে নেওয়া যেত। কিন্তু সাম্প্রতিক পরিবর্তনের ফলে অনেক ব্যবহারকারী দেখছেন, ‘পেইজ লাইক’ টার্গেট নির্বাচন করতে গেলেই সেটি আর কাজ করছে না। এর পরিবর্তে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেইজ ভিজিটস’ (Maximize number of Facebook Page visits) লক্ষ্যটি নির্ধারণ করে দিচ্ছে।
বিজ্ঞাপন তৈরির প্ল্যাটফর্মে এখন স্পষ্টভাবেই বার্তা দেওয়া হচ্ছে ‘Page likes performance goal is no longer available’। অর্থাৎ, সরাসরি লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপরই এখন বেশি গুরুত্ব দিচ্ছে মেটা।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে এই পরিবর্তনটি স্থায়ী কি না, নাকি এটি কারিগরি কোনো ত্রুটি—তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী বিজ্ঞাপনদাতাদের কেউ কেউ জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে পুরোনো অপশনটি পুরোপুরি অকার্যকর। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পুরোনো পদ্ধতিটি এখনো সচল রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, মেটা হয়তো ধাপে ধাপে বিশ্বজুড়ে নতুন এই ব্যবস্থা কার্যকর করছে।
ডিজিটাল বিপণন বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই পদ্ধতিতে ব্যবহারকারীকে বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি পেইজে নিয়ে যাওয়া হবে। এরপর পেইজের বিষয়বস্তু বা কনটেন্ট ভালো লাগলে ব্যবহারকারী নিজেই লাইক বা ফলো করবেন। মূলত বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি লাইক ‘কিনে নেওয়ার’ সংস্কৃতি থেকে মেটা সরে আসছে কি না, তা নিয়ে বিতর্ক চলছে।
এই পরিবর্তন স্থায়ী হলে পেইজের ফলোয়ার বাড়ানোর কৌশলে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ আসিফ মাহমুদ (ছদ্মনাম) বলেন, “যদি সরাসরি লাইক নেওয়ার বিজ্ঞাপন বন্ধ হয়েই যায়, তবে পেইজের কনটেন্টের মান বাড়ানোর কোনো বিকল্প থাকবে না। শুধু বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে অর্গানিক রিচ বা স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছানোর দিকেই বেশি মনোযোগ দিতে হবে।”
মেটার এই অস্পষ্ট অবস্থানের কারণে আপাতত বিজ্ঞাপনদাতাদের পরামর্শ দেওয়া হচ্ছে, পেইজের মানসম্মত বিষয়বস্তু প্রকাশের পাশাপাশি ব্যবহারকারীদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে। এছাড়া ফেসবুকের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি বা লিড জেনারেশনের মতো বিকল্প লক্ষ্যগুলোতেও বিজ্ঞাপন চালানো যেতে পারে।
তবে পরিবর্তনটি পরীক্ষামূলক, নাকি মেটার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।