৬ মাস শুধু বিশ্ব ঘুরে বেড়ালেই মিলবে ৯৫ লাখ রুপি, কীভাবে আবেদন করবেন?
ছবি : সংগৃহীত
ঘুরে বেড়াতে কে না ভালোবাসে! আর সেই বিশ্বভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি লাখ লাখ টাকা আয় করা যায়, তবে কেমন হয়? শুনতে অবিশ্বাস্য বা স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে এমনই এক আকর্ষণীয় চাকরির সুযোগ নিয়ে এসেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপ।
প্রতিষ্ঠানটিতে ‘হেড অব ইয়েস’ পদে ছয় মাসের চুক্তিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। এই চাকরিতে ডেস্কে বসে কাজ করার কোনো বাধ্যবাধকতা নেই। শুধু ঘুরে বেড়ানো আর ভিডিও বানানোই হবে মূল কাজ।
কাজ কী
ভার্জিন গ্রুপ তাদের ‘ইয়েস’ বিভাগের অধীনে এই বিশেষ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে। চাকরিটি সরাসরি প্রতিষ্ঠানের ‘ভার্জিন রেড’ কর্মসূচির সঙ্গে যুক্ত। এই পদে যাঁকে নিয়োগ দেওয়া হবে, তাঁর কাজ হবে বিশ্বের সুন্দর সুন্দর জায়গায় বিনা মূল্যে ঘুরে বেড়ানো, নানা রোমাঞ্চকর কার্যক্রমে (অ্যাডভেঞ্চার) অংশ নেওয়া এবং সেই স্মরণীয় মুহূর্তগুলো আকর্ষণীয় ‘রিল’ বা ছোট ভিডিওর মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। যাঁরা ভ্রমণ করতে এবং কনটেন্ট তৈরি করতে ভালোবাসেন, তাঁদের জন্য এটি দারুণ এক সুযোগ।
বেতন কত
আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ছয় মাসের চুক্তিতে এই কাজ শুরু হবে। বেতনের অঙ্কটাও চমকে দেওয়ার মতো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রার্থীদের জন্য এই পদের বার্ষিক বেতন ধরা হয়েছে ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা) এবং যুক্তরাজ্যের প্রার্থীদের জন্য ৭৫ হাজার পাউন্ড। ছয় মাসের চুক্তি হওয়ায় এই মেয়াদে বিপুল অঙ্কের অর্থ আয়ের সুযোগ থাকছে নির্বাচিত কর্মীর।
আবেদনের যোগ্যতা
সাধারণত বড় কোনো প্রতিষ্ঠান যখন কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ দেয়, তখন লাখ লাখ ফলোয়ার এবং পেশাদার পোর্টফোলিওর শর্ত জুড়ে দেয়। তবে ভার্জিন গ্রুপের এই চাকরির ক্ষেত্রে ফলোয়ারের সংখ্যা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি আবেদন করার জন্য দামি ক্যামেরায় তৈরি করা পেশাদার ভিডিও বা ‘শোরিল’ দেখানোরও প্রয়োজন হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে রিচার্ড ব্র্যানসন বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, এটি কোনো লটারি বা লাকি ড্র নয়; বরং সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে পাওয়া একটি বেতনের চাকরি।
ব্র্যানসন বলেন, ‘আমরা এমন একজনকে খুঁজছি, যিনি জীবনে নতুন ঝুঁকি নিতে এবং মজার সব সুযোগকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত।’
ভার্জিন গ্রুপ জানিয়েছে, যাঁদের গল্প বলার চমৎকার দক্ষতা রয়েছে এবং ক্যামেরার সামনে সাবলীলভাবে নিজেকে তুলে ধরতে পারেন, এই স্বপ্নের চাকরিটি তাঁদের জন্যই।