স্মার্টফোনে এজেন্টিক এআই আনছে টেকনো
স্মার্টফোনের বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলাক্ল’ (EllaClaw) নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীর অনুমতি নিয়ে বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয় করে কাজ করতে পারবে।
টেকনোর ‘এলা’ অ্যাসিস্ট্যান্ট ও ‘ওপেনক্ল’ ফ্রেমওয়ার্কের সমন্বয়ে তৈরি হচ্ছে এলাক্ল। এতে ৪০টির বেশি স্মার্ট স্কিল রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এসব সুবিধার মাধ্যমে অতিরিক্ত ব্যাটারি ও ডেটা ব্যবহারকারী অ্যাপ শনাক্ত করা, র্যাম ও সিপিইউর ব্যবহার ব্যবস্থাপনা এবং ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় কার্যক্রম কমানোর কাজ করা যাবে।
টেকনোর তথ্যমতে, ব্যবহারকারীর পছন্দ ও দৈনন্দিন রুটিন অনুযায়ী কাজ করতেও সক্ষম হবে এই এআই অ্যাসিস্ট্যান্ট। ক্যালেন্ডার, আবহাওয়া ও ভ্রমণসংক্রান্ত তথ্য সমন্বয় করে দিনের শুরুতে সংক্ষিপ্ত আপডেট দেওয়া, ভ্রমণের অনুস্মারক তৈরি এবং যাতায়াতের পরিকল্পনায় সহায়তা করতে পারবে এটি।
এ ছাড়া ব্যবহারকারীর অনুমতি নিয়ে অনলাইন কেনাকাটা, যাতায়াতের জন্য গাড়ি বুকিং, খাবার অর্ডার এবং স্মার্ট হোমের বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের মতো কাজেও একাধিক অ্যাপের মধ্যে সমন্বয় করতে পারবে এলাক্ল। কাজের প্রতিটি ধাপ ব্যবহারকারী দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বড় ধরনের পরিবর্তনের আগে অনুমতি নেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যক্তিগত পছন্দ ও রুটিন বুঝতে এলাক্লে দীর্ঘমেয়াদি মেমোরি ব্যবহারের সুবিধা থাকবে। তবে প্রযুক্তিটি এখনো উন্নয়ন ও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করা বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রকাশনা ও বাজার গবেষণা প্রতিষ্ঠানও এজেন্টিক এআইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। এ ধরনের প্রযুক্তির লক্ষ্য হলো শুধু তথ্য সরবরাহ নয়, বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী একাধিক ধাপে বাস্তব কাজ সম্পন্ন করা।
বাংলাদেশসহ বিভিন্ন বাজারে স্মার্টফোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের প্রযুক্তি দৈনন্দিন কাজ সহজ করতে পারে। তবে এলাক্লের ব্যবহারিক সক্ষমতা, নিরাপত্তা, বিভিন্ন অ্যাপের সঙ্গে সামঞ্জস্য এবং বাজারে উন্মুক্ত হওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি টেকনো।