বিজ্ঞাপন
খেলাধুলা

ব্রাজিলের জন্য চাটার্ড ফ্লাইট, রাজকীয় অভ্যর্থনার আয়োজন ভারতে

বাংলা সংযোগ ডেস্ক

Published :
ব্রাজিলের জন্য চাটার্ড ফ্লাইট, রাজকীয় অভ্যর্থনার আয়োজন ভারতে

ফুটবলপাগল বাঙালির জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের পরাশক্তি ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে শুধু কলকাতা নয়, পুরো ভারতীয় উপমহাদেশেই বইছে উত্তেজনার হাওয়া। আর এই হাই-ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে সেলেসাওদের বরণ করে নিতে কোনো কমতি রাখছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ শেষে ১ অক্টোবর বিশেষ চার্টার্ড ফ্লাইটে ভারত পৌঁছাবেন ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া ও এনদ্রিকরা। প্রায় ৯০ সদস্যের ব্রাজিল বহরের জন্য এই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে এআইএফএফ। চুক্তির শর্ত অনুযায়ী, বিমানটিতে অন্তত ৩০টি বিজনেস-ক্লাস রিক্লাইনিং সিট রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে খেলোয়াড়রা দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়িয়ে সরাসরি অনুশীলনে নামতে পারেন।

এআইএফএফ আয়োজক কমিটির এক সদস্য ইন্ডিয়া ডটকমকে বলেন, ‘বিশ্বসেরা ফুটবলাররা বিশেষ মর্যাদা পাওয়ারই যোগ্য। তিন মহাদেশ পাড়ি দিয়ে এসে তারা যেন ক্লান্তিহীনভাবে মাঠে নামতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য। ফিটনেস এখানে বড় ফ্যাক্টর, তাই এই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা।’

বিমানবন্দরেও বিশেষ সুবিধা
সাধারণ ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না সেলেসাওদের। পরিকল্পনা অনুযায়ী, বিমানে থাকা অবস্থাতেই সম্পন্ন হবে পাসপোর্ট ও ইমিগ্রেশনের যাবতীয় প্রক্রিয়া। বিমানবন্দর থেকে বেরিয়ে তারা সরাসরি উঠে যাবেন নির্দিষ্ট টিম বাসে। তবে শোনা যাচ্ছে, ভিনিসিউস, রাফিনিয়া বা এনদ্রিকদের মতো রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলা তারকাদের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলো নিজস্ব ব্যবস্থায় আলাদা প্রাইভেট জেটের বন্দোবস্তও করতে পারে।

ফুটবল ইতিহাসে প্রথম?
ভারতের ক্রীড়াঙ্গনে এমন আয়োজন আগে কখনও দেখা যায়নি। আয়োজকদের দাবি, ভারতে কোনো ফুটবল দলের জন্য এমন সর্বাধুনিক চার্টার্ড ফ্লাইটের সুবিধা সম্ভবত এটাই প্রথম। এর আগে জাপান থেকে উরুগুয়ে দলও চার্টার্ড ফ্লাইটে ভারতে আসার কথা রয়েছে। ভিনিসিউস জুনিয়রের মতো ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে থাকা তারকাদের উপস্থিতিতে কলকাতার গ্যালারি যে কানায় কানায় পূর্ণ থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

আগামী ৩ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে এই মহাযুদ্ধ। ফিফা র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিল দলকে সরাসরি মাঠে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ফুটবলপ্রেমীরা। ম্যাচ শেষে খেলোয়াড়রা বিজনেস-ক্লাস টিকিটে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন বলেও নিশ্চিত করেছে ফেডারেশন।