মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১৯ রানে হারিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর ক্রিকেট ডিসিপ্লিনে বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অঞ্চল। ৫ ওভারের এই সংক্ষিপ্ত (কার্টেল ওভার) ম্যাচে প্রথমে ব্যাট করে ঢাকা সংগ্রহ করে ৪৮ রান। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ময়মনসিংহকে ২৯ রানেই আটকে যায়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে ৪ উইকেটে ৪৮ রান সংগ্রহ করে ঢাকা অঞ্চল। ঢাকার পক্ষে ব্যাটিংয়ে ঝড় তোলেন অথৈ। তিনি মাত্র ১১ বলে ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২৩ রান করে অপরাজিত থাকেন। এ ছাড়া ছোঁয়া ৭ বলে ৮ রান এবং আফরোজা ২ বলে ৪ রান করেন। ময়মনসিংহের পক্ষে বল হাতে দুটি করে উইকেট নেন সাদিয়া (২/১৬) ও জ্যোতি (২/১৮)।

৪৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে ময়মনসিংহের ব্যাটাররা। নির্ধারিত ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান তুলতে সক্ষম হয় তারা। দলের পক্ষে সাদিয়া ৪ বলে ৯ রান এবং সাবিনা ৫ বলে ৬ রান করেন। ঢাকার বোলারদের মধ্যে রিয়া দারুণ বোলিং করে মাত্র ৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এ ছাড়া ছোঁয়া ৩ রান দিয়ে নেন ১টি উইকেট।

এর আগে গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে নাটকীয় জয় পেয়েছিল ঢাকা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডিএলএস (ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতিতে রাজশাহী অঞ্চলকে হারিয়ে ফাইনালে পা রাখে তারা। অন্যদিকে প্রথম সেমিফাইনালে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল ময়মনসিংহ।

তৃণমূল থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গত ২ মে এই মেগা কর্মসূচির উদ্বোধন করা হয়েছিল। ফাইনাল শেষে শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। আগামী ২৭ জুলাই ঢাকার আর্মি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।