‘এবার লড়াইয়ে হেরে গেলাম’, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড
ছবি : সংগৃহীত
গতির ঝড় তুলে প্রতিপক্ষের ব্যাটারদের মনে কাঁপন ধরাতেন তিনি। তবে ক্যারিয়ারজুড়ে তাঁকে সবচেয়ে বেশি লড়তে হয়েছে চোটের সঙ্গে। বারবার চোটকে জয় করে বীরদর্পে ফিরে এলেও এবার আর পারলেন না। চিকিৎসকদের পরামর্শ মেনে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। ৩৬ বছর বয়সী এই পেসার অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে উড তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লিখেছেন, ‘আমি সব সময় চোট থেকে ফিরে এসে মানুষকে ভুল প্রমাণ করতে এবং নিজের সামর্থ্য দেখাতে চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত এবার আমি এই লড়াইয়ে হেরে গেলাম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী টেস্ট ও ওয়ানডে ক্রিকেট খেলা আমার পক্ষে আর সম্ভব নয়। গত এক বছরে ধীরে ধীরে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্নটি আমার কাছ থেকে দূরে সরে গেছে। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও স্বপ্নপূরণের বিষয় ছিল।’
ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম দ্রুতগতির এই বোলার ক্যারিয়ারজুড়েই ভুগেছেন গোড়ালি, হাঁটু ও কনুইয়ের চোটে। কনুইয়ের চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে দীর্ঘ ১৫ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। গত নভেম্বরে পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। কিন্তু ফেরাটা সুখকর হয়নি। ওই ম্যাচে মাত্র ১১ ওভার বোলিং করার পরই তাঁর বাঁ হাঁটু ফুলে যায়। এরপর চিকিৎসার জন্য দেশে ফিরে যান। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তাঁর।
২০১৫ সালে অভিষেকের পর থেকেই ইংল্যান্ড দলের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন উড। সে বছর ঘরের মাঠে অ্যাশেজ জয়ে তাঁর ছিল বড় অবদান। চোটের ঝুঁকি কমাতে ২০১৮ সালে নিজের রানআপ পরিবর্তন করলেও গতিতে কোনো ছাড় দেননি। ইংল্যান্ডের দুটি বিশ্বকাপ জয়েও তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য উড সেবার নিয়েছিলেন ১৮টি উইকেট। এ ছাড়া ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি। যদিও কাফ মাসলের চোটের কারণে টুর্নামেন্টের শেষ দিকে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।
পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের হয়ে ৩৮টি টেস্টে ১১৯টি উইকেট নিয়েছেন উড। এ ছাড়া ৭০টি ওয়ানডেতে ৮০টি এবং ৩৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর শিকার ৫৪টি উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাওয়ার ইঙ্গিত দেননি উড। ভবিষ্যতে অন্য কোনোভাবে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে খেলা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ইংলিশ এই গতি তারকা।