ফাঁকা গ্যালারি নয়, বেনিনের বিপক্ষেই হবে মেসির আনুষ্ঠানিক বিদায়
ছবি : সংগৃহীত
আসছে ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ফুটবলপ্রেমীদের সব মনোযোগ হয়তো একটি ম্যাচ ঘিরেই থাকবে। কারণ, আকাশী-সাদা জার্সিতে লিওনেল মেসিকে যে আর মাত্র একটি ম্যাচেই দেখা যাবে! আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলবেন আর্জেন্টাইন জাদুকর।
বেনিন ম্যাচের আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সেই দুই ম্যাচে মেসি কেন নেই - সমর্থকদের মনে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এর পেছনে রয়েছে ফিফার নিষেধাজ্ঞা এবং স্বয়ং মেসির নিজস্ব সিদ্ধান্ত।
আগামী ৩০ সেপ্টেম্বর করদোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে গ্যালারি পরিপূর্ণ থাকবে না, স্টেডিয়ামের অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। মূলত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ‘ফকল্যান্ড আইল্যান্ড’-এর ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনাকে শাস্তি দিয়েছিল ফিফা। শৃঙ্খলাভঙ্গের দায়ে ঘরের মাঠে পরবর্তী দুই ম্যাচে দর্শক ধারণক্ষমতা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে অবশ্য নিষেধাজ্ঞা কমিয়ে এক ম্যাচে আনা হয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্বাভাবিকভাবেই চায়নি, দেশের ইতিহাসের সেরা তারকার বিদায়ী ম্যাচটি অর্ধেক ফাঁকা গ্যালারির সামনে হোক।
নিষেধাজ্ঞা কমে যাওয়ায় ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মনুমেন্টাল স্টেডিয়ামে পুরো দর্শকই উপস্থিত থাকতে পারবেন। এই ম্যাচে খেলার দারুণ সুযোগ থাকলেও মেসি নিজেই আর খেলতে চাননি। আন্তর্জাতিক ফুটবল থেকে এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আর খেলতে চাননি বলেই এএফএর বিশেষ অনুরোধে কেবল ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচটি খেলতে রাজি হয়েছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন চায়, তাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে রাজকীয় বিদায় জানাতে। মনুমেন্টাল স্টেডিয়ামের ৮৫ হাজার দর্শকের সামনে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকবেন বিশ্ব ফুটবলের অনেক গুণীজন, থাকবে নানা আনুষ্ঠানিকতা।
এর আগে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর এই মনুমেন্টালেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। সেদিনই তিনি জানিয়েছিলেন, দেশের মাটিতে সেটিই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সেদিন গ্যালারিতে তৈরি হয়েছিল এক আবেগঘন পরিবেশ। মনুমেন্টালে হাজির হওয়া হাজারো সমর্থক সেদিনই একপ্রস্থ বিদায় জানিয়েছিলেন তাদের প্রিয় মহানায়ককে। এবার সেই একই মঞ্চে, ৮৫ হাজার দর্শকের সামনে আরও একবার আবেগে ভাসার অপেক্ষায় ফুটবল বিশ্ব—তবে এবার একদম চিরতরে, আকাশী-সাদা জার্সির মেসিকে শেষবারের মতো বিদায় জানাতে।