চ্যাটজিপিটিকে পেছনে ফেলে দ্রুত জনপ্রিয় হচ্ছে মেটার ‘মিউজ’
ছবি : সংগৃহীত
বাজারে আসার অল্প সময়ের মধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন অ্যাপ ‘মিউজ’। অ্যাপ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, উন্মোচনের প্রথম ১২ দিনেই আইফোন ব্যবহারকারীদের মধ্যে ডাউনলোড ও সক্রিয়তার দিক থেকে এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ছাড়িয়ে গেছে।
অ্যাপটোপিয়ার হিসাব বলছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় যাত্রা শুরুর প্রথম ১২ দিনে মিউজ মোট ১৮ লাখ বার ইনস্টল হয়েছে, যেখানে একই সময়ে চ্যাটজিপিটির ইনস্টল সংখ্যা ছিল ১৩ লাখ। বিশ্বজুড়ে প্রথম ১২ দিনে মিউজের মোট ইনস্টল সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ।
অবশ্য এসব পরিসংখ্যান মেটা বা ওপেনএআইয়ের দেওয়া কোনো আনুষ্ঠানিক তথ্য নয়। অ্যাপটোপিয়া বিভিন্ন উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে এই অনুমান তৈরি করেছে। ফলে এগুলোকে চূড়ান্ত ব্যবহারকারী পরিসংখ্যান হিসেবে দেখার সুযোগ নেই বলে বিশ্লেষকরা মনে করছেন।
কেন এই তুলনা জটিল?
দুই অ্যাপের জনপ্রিয়তার তুলনা করা কিছুটা জটিল। চ্যাটজিপিটি যখন মুঠোফোনে যাত্রা শুরু করেছিল, তখন তা বিশ্বজুড়ে কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল। অন্যদিকে, মিউজ বর্তমানে আইফোন ও অ্যান্ড্রয়েড—উভয় ফোনেই ব্যবহার করা যাচ্ছে, তবে তা শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য সীমিত।
এই পার্থক্য বিবেচনায় নিয়ে অ্যাপটোপিয়া যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের মধ্যে প্রথম ১২ দিনের তুলনা করেছে। এতে দেখা যায়, জনপ্রিয়তার দৌড়ে মেটার অ্যাপটি বেশ এগিয়ে রয়েছে।
কেন দ্রুত বাড়ছে মিউজ?
যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে উন্মোচনের পরপরই মিউজ দ্রুত র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে। অ্যাপফিগারসের তথ্য অনুযায়ী, খুব অল্প সময়েই অ্যাপটির ইনস্টল সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়।
ব্যবহারকারীর সক্রিয়তার ক্ষেত্রেও মিউজ চমক দেখিয়েছে। অ্যাপটোপিয়ার দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬ লাখ ৪২ হাজার। তুলনামূলকভাবে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ২ লাখ ৩১ হাজার। শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের হিসাব করলেও মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩ লাখ ৫৯ হাজার, যা চ্যাটজিপিটির চেয়ে বেশি।
মিউজের এই দ্রুত বিস্তারের পেছনে মেটার অন্যান্য প্ল্যাটফর্মের বড় ভূমিকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সঙ্গে মিউজকে সহজেই সংযুক্ত করতে পারছেন। অ্যাপটোপিয়ার তথ্য বলছে, মিউজ ব্যবহারকারীদের ৯৫ শতাংশেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রামও ব্যবহার করেন।
যদিও মেটা এখন পর্যন্ত মিউজের ব্যবহারকারী নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে তৃতীয় পক্ষের এই প্রাথমিক বিশ্লেষণ স্পষ্ট করছে যে, বাজারে এসেই এআই প্রযুক্তির প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে মেটার ‘মিউজ’।