চলতি ফুটবল বিশ্বকাপজুড়ে বইছে তুমুল উন্মাদনা । মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নানা আয়োজনও বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়ছে । এরই মধ্যে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার দেশ মরক্কো। আর মরক্কোর এই জয়োৎসবকে আরও রাঙিয়ে তুলতে এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও প্রযোজক সঞ্জয় দেব (সানজয়) । তাঁদের নতুন এই গানের শিরোনাম রাখা হয়েছে ‘লকড-ইন’।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির একটি টিজার প্রকাশ করেছেন নোরা ফাতেহি। টিজারে নোরাকে মরক্কো জাতীয় ফুটবল দলের জার্সিতে দেখা গেছে। শুধু তাই নয়, ভিডিওতে যুক্ত করা হয়েছে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির মাঠের উদযাপনের দৃশ্যও। ফুটবলপ্রেমীদের ধারণা, বিশ্বকাপে মরক্কো দলকে উৎসাহ দিতেই এই বিশেষ গানটি তৈরি করেছেন নোরা ও সঞ্জয়। মরক্কো বংশোদ্ভূত নোরার নিজের দেশের দলের প্রতি এই সমর্থন ভক্তদের মাঝেও বেশ সাড়া ফেলেছে।

জানা গেছে, ‘লকড-ইন’ গানটিতে থাকবে আধুনিক পপ, ইলেকট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) ও ড্যান্স ফিউশনের এক দারুণ সংমিশ্রণ। তবে গানটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

চলতি বিশ্বকাপে নোরা ও সঞ্জয় জুটির রসায়ন বেশ জমে উঠেছে। গত ১ জুলাই যুক্তরাষ্ট্রের এনবিসি এন্টারটেইনমেন্ট চ্যানেলের জনপ্রিয় ‘টুডে শো’ অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গান ‘সির সির’ (Siir Siir) পরিবেশন করেছেন এই জুটি । এর আগে কানাডার টরন্টোতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেও একসঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন তাঁরা। সেখানে তাঁদের সঙ্গে পারফর্ম করেছিলেন গানটির আরেক গায়ক, ফ্রান্সের ভেজিড্রিম।

আন্তর্জাতিক অঙ্গনে নোরা ও সঞ্জয় জুটির গানগুলো এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । সম্প্রতি মুক্তি পাওয়া তাঁদের ‘চ্যাম্পিয়নস’ গানটির ভিউ ইতিমধ্যে ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে । অন্যদিকে, ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’ এখন পর্যন্ত ইউটিউবে ৭ কোটির বেশিবার দেখা হয়েছে । ধারণা করা হচ্ছে, মরক্কোকে নিয়ে তৈরি ‘লকড-ইন’ গানটিও পূর্ববর্তী গানগুলোর মতোই শ্রোতাদের মন জয় করতে পারবে।