রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তিনি জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।
আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাঁর বাসার দরজার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে বা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
ফেসবুক লাইভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজনকে দরজা খুলতে বলতে শোনা যায়। তবে জ্যোতিকা দরজা না খুলে তাঁদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না জানতে চান। জবাবে বাইরে থাকা ব্যক্তিরা জানান, তাঁদের কাছে কোনো পরোয়ানা নেই। একপর্যায়ে তাঁদের একজনকে বলতে শোনা যায়, ‘কিসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’
এরপর দ্বিতীয় দফায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতিকা জ্যোতি। এ সময় সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আমাদের ব্ল্যাকলিস্টেড করে গিয়েছেন। আমাদেরকে কোনো কাজে নেওয়া হয় না। এখন আমাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে।’
কাঁদতে কাঁদতে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি কার্যালয়ে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘিরে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরে ফেসবুক লাইভে এসে গ্রুপটিতে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন জ্যোতিকা। তখন তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না; আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর দিতেন তিনি।
ওই ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তাঁর বিরোধিতা করলে তিনি অফিস ত্যাগ করেন। একই বছরের ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।
এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায়ও জ্যোতিকা জ্যোতির নাম ছিল।


