বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগেই মাঠের বাইরের এক আলোচনা বাড়তি উত্তাপ ছড়িয়েছিল ফুটবল বিশ্বে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে এমন এক ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিলেন ঘানার আলোচিত তান্ত্রিক কোয়াকু বোনসাম। তবে মাঠের ফুটবলে লিওনেল মেসিদের নাটকীয় জয়ের পর শেষ পর্যন্ত ভেস্তে গেছে সেই তান্ত্রিকের দাবি।
বিশ্বকাপের শেষ বত্রিশের এই লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দে বড় অঘটন ঘটাবে বলে দাবি করেছিলেন বোনসাম। মাঠের লড়াইয়ে অবশ্য কেপ ভার্দে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিল। তবে আলবিসেলেস্তেদের জয়রথ থামাতে পারেনি তারা।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল একে অপরকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এই জয়ের মধ্য দিয়েই মূলত ভুল প্রমাণিত হয় ঘানার সেই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী। ফুটবল ম্যাচে অতিপ্রাকৃতিক প্রভাব খাটানোর দাবি কোয়াকু বোনসামের জন্য নতুন কিছু নয়। এর আগেও একাধিক ভবিষ্যদ্বাণী করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, ২০২৬ বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের হাতে। টুর্নামেন্টে পর্তুগাল এখনো টিকে থাকায় সেই দাবি টিকে থাকলেও আর্জেন্টিনার ম্যাচে এসে বড় ধাক্কা খেলেন এই তান্ত্রিক।

এর আগে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচের আগে বোনসাম দাবি করেছিলেন, তাঁর ‘কালো জাদুর’ প্রভাবে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন কোনো গোল পাননি। পরবর্তীতে পানামার বিপক্ষে ম্যাচের আগে বোনসাম তাঁর সেই ‘জাদু’ তুলে নেওয়ার ঘোষণা দেন এবং ওই ম্যাচে কেইন গোল করতে সমর্থ হন। এসব ঘটনার কারণে আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচকে ঘিরে তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে ফুটবল অনুসারীদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল।

আর্জেন্টিনার এই ম্যাচটি নিয়ে শুধু ঘানার তান্ত্রিকই নন, ভবিষ্যদ্বাণী করেছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও। তিনি আশঙ্কা করেছিলেন, হয়তো কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারে আর্জেন্টিনা। তবে সব ধরনের মাঠের বাইরের শঙ্কা ও কুসংস্কার পেছনে ফেলে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল লিওনেল মেসির দল।

এলটি / বাংলা সংযোগ