হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের
ছবি : সংগৃহীত
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শুরুটা আশানুরূপ করতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই চেনা ছন্দে ঘুরে দাঁড়াল কার্লো আনচেলত্তির দল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’র ম্যাচে প্রথমার্ধেই তিন গোল দিয়ে জয়ের ভিত গড়ে নেয় সেলেসাওরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাতেউস কুনহা। বাকি গোলটি এসেছে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের পা থেকে। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর ব্রাজিলের রক্ষণ ও আক্রমণভাগ নিয়ে সমালোচনা কম হয়নি। তবে হাইতির বিপক্ষে ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার পরাশক্তিরা। দলের সেরা তারকাদের অনেকে অনুপস্থিত থাকলেও প্রথমার্ধে ব্রাজিলের একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয়েছে হাইতির রক্ষণভাগকে।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। তবে গোলের জন্য ব্রাজিলকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ২৩ মিনিটে গোলের ডেডলক ভাঙেন কুনহা। ভিনিসিউসের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাইতির রক্ষণভাগে জটলা তৈরি হলে আলতো শটে বল জালে জড়ান তিনি।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে ভিনিসিউসের চমৎকার এক রক্ষণচেরা পাস ধরে দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন কুনহা। এরপর বাঁ পায়ের জোরালো কোণাকুণি শটে হাইতির গোলরক্ষক জনি প্লাসিডকে পরাস্ত করেন এই স্ট্রাইকার। ৩৯ মিনিটে অবশ্য কিছুটা চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া, তাঁর বদলে মাঠে নামেন তরুণ ফুটবলার রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। লুকাস পাকেতার চমৎকার এক ভাসানো বল ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
তিন গোলে এগিয়ে থেকে বিরতি থেকে ফেরার পর ব্রাজিলের খেলায় প্রথম অর্ধেকের সেই গতি আর দেখা যায়নি। রক্ষণভাগ কিছুটা গুছিয়ে নিয়ে হাইতিও চেষ্টা করেছে ব্রাজিলকে আটকে রাখতে। ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি হিসেবে মাঠে নামা তরুণ প্রতিভা এনদ্রিক। কিন্তু সেই গোলটিও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে নেমে গেছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।
ওকেআর/বাংলা সংযোগ