চলছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর মাঠ কাঁপানো উন্মাদনা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি ফুটবলপ্রেমীর মতো এই উত্তেজনা ছুঁয়ে গেছে ঢালিউডের তারকাদেরও। ফুটবলপ্রেমী হিসেবে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সুখ্যাতি পুরোনো। তিনি আর্জেন্টিনার অন্ধ ভক্ত, ভালোবাসেন লিওনেল মেসিকে। তবে চলমান বিশ্বকাপের মধ্যেই হঠাৎ করে এই শীর্ষ নায়কের দেশ ছাড়ার খবর বিনোদন অঙ্গনে নতুন এক গুঞ্জনের জন্ম দিয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) রাতের একটি ফ্লাইটে শাকিব খান যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। আর এ কারণে পরদিন শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে তাঁর এই আকস্মিক অনুপস্থিতি নিয়ে এফডিসিপাড়ায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তবে নেটিজেনদের মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে ভিন্ন এক প্রশ্ন : শাকিব খান কি শুধুই বিশ্বকাপ দেখতে গেছেন, নাকি এর পেছনে রয়েছে সদ্যজাত মেয়ে শার্লিন খানকে দেখার ব্যাকুলতা আছে তার?


শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, আর্জেন্টিনা সমর্থক শাকিব খান বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে দেখতে চান। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনালের রোমাঞ্চ সশরীরে উপভোগ করার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখার জন্য তিনি বেশ মুখিয়ে আছেন। তবে কেবল বিশ্বকাপই কি তাঁর এই তড়িঘড়ি সফরের একমাত্র কারণ? সংশ্লিষ্টদের একাংশের মতে, শাকিব খানের এই সফরের পেছনে রয়েছে অভিবাসনসংক্রান্ত বাধ্যবাধকতাও। যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হওয়ায় দেশটির নিয়মানুযায়ী তাঁকে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয়। আইনি সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেও এই সময়ে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।


কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব-ভক্তদের একটি বড় অংশের ধারণা, এই সফরের আসল টান লুকিয়ে আছে পারিবারিক মায়ায়। গত ১১ মে চিত্রনায়িকা শবনম বুবলীর কোলজুড়ে আসে শাকিব বুবলীর কন্যাসন্তান শার্লিন খান, যা গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে বুবলী নিজেই নিশ্চিত করেন। সম্প্রতি নতুন চলচ্চিত্রের চুক্তি ও অন্যান্য কাজের ব্যস্ততায় হয়তো সদ্যজাত কন্যাসন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেননি শাকিব। তাই মেয়েকে একনজর দেখতে ও তাঁর সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে সাত সমুদ্দুর তেরো নদীর ওপারে পাড়ি জমিয়েছেন এই কিং খান।


নির্বাচনের আগের রাতে হঠাৎ ঢাকা ছাড়ায় চলচ্চিত্র অঙ্গনে কিছুটা আলোচনা থাকলেও শাকিবের ভক্তরা তাঁর এই সফরকে ইতিবাচকভাবেই দেখছেন। শেষ পর্যন্ত প্রিয় দলের ফাইনাল ম্যাচ দেখার আনন্দ নাকি মেয়ে শার্লিনের প্রথম মায়াবী স্পর্শ, কোন আকর্ষণে শাকিব এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে দিন কাটাচ্ছেন, তা হয়তো তাঁর ফেরার পরেই স্পষ্ট হবে।

একে / বাংলা সংযোগ