যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা
বাংলাদেশের কোনো নাগরিক যেমন যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, তেমনি চাইলে আবার দেশে ঢুকতেও পারেন। এটি দেশের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে। তবে দেশে প্রবেশের পর সরকার ওই ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে, সেটি সম্পূর্ণ সরকারের এখতিয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এসব কথা বলেন। উপজেলার ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় রুমিন ফারহানার ওপর ক্ষুব্ধ হয় স্থানীয় বিএনপি। তাঁর ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এলাকায় ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি। শুধু তা-ই নয়, বক্তব্য প্রত্যাহার না করলে তাঁকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন স্থানীয় নেতা-কর্মীরা।
নিজ দলের নেতা-কর্মীদের এমন ক্ষোভ ও হুঁশিয়ারির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেশ সাবলীল উত্তর দেন রুমিন ফারহানা। বিষয়টিকে খুব স্বাভাবিক হিসেবে নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিতে এমনটা হয়, এটা কিছু না। রাজনীতিতে ভিন্নমত থাকবে, কেউ কাউকে অবাঞ্ছিত ঘোষণা করবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি! সুতরাং এগুলো সবই স্বাভাবিক ঘটনা।’
শুক্রবার বিকেলের এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন সংসদ সদস্য রুমিন ফারহানা।