মাঠে কাজ শুরু করেছে জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ : মিয়া গোলাম পরওয়ার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্ব পাওয়া নেতারা এরই মধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর ) সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে ঝিনাইদহ শহরে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। দলের ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভা’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দলের এই ছায়া মন্ত্রিসভা কোনো আনুষ্ঠানিক বিষয় নয়। এটি মূলত আমাদের একটি অভ্যন্তরীণ প্রশাসনিক ও মনিটরিং কাঠামোর অংশ। আমরা যাঁদের যেসব বিষয়ে দায়িত্ব দিয়েছি, তাঁরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন।’
এ সময় দেশে চলমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কড়া সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, গত ছয় মাসে সরকার তিনবার তেলের দাম বাড়িয়েছে। মানুষের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে জ্বালানির সরাসরি সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ‘কেউ নিজের পৈতৃক জমি বিক্রি করে রাষ্ট্র চালাচ্ছেন না; জনগণের কর ও ভ্যাটের টাকাতেই রাষ্ট্র চলছে। তাই সরকারের কাছে জবাবদিহি থাকা উচিত যে, কেন ঘন ঘন তেলের দাম বাড়ানো হচ্ছে।’
বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে লিখিতভাবে আট পৃষ্ঠার একটি সুপারিশমালা ও সমাধান দেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
দেশের সার্বিক দুর্নীতি পরিস্থিতি নিয়েও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিস্তারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে দুর্নীতির ধরন ছিল মেগা স্টাইলের। আর এখন তা জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত সিন্ডিকেট ও চক্রের মতো ছড়িয়ে পড়েছে।’