বিজ্ঞাপন
রাজনীতি

কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

বাংলা সংযোগ ডেস্ক

Published :
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে পদ-পদবি ও সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় নগরীর গাংচর এলাকায় ফারুকী হাউসের সামনে অবস্থিত জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহানগর জামায়াতের কমিটির ভবিষ্যৎ নেতৃত্ব এবং কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দলের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের রেশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে; যেখানে নেতা-কর্মীরা একে অপরের সমালোচনা করছিলেন।

এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় ওই বিষয়গুলো নিয়ে দলীয় কার্যালয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা হচ্ছিল। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা মহানগর জামায়াতের সেক্রেটারির একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ঘটনার পরপরই দলীয় কার্যালয় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে সেখানে উপস্থিত মহানগর জামায়াতের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউ গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

লামিয়া তমা / বাংলা সংযোগ