আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
ছবি : বাংলা সংযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ পরিচালনা করছে বিএনপি। তিনি বলেছেন, বিরোধী দল কারও সঙ্গে আপস বা সমঝোতা করছে না; বরং বিএনপিই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে দলটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘তাঁর বক্তব্য দুঃখজনক। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের বন্দোবস্তের কোনো পরিবর্তন হয়নি। এসব কারণেই দেশের বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।’ এ সময় তিনি বিগত সময়ে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আইনশৃঙ্খলা ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় এই চিফ হুইপ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য প্রধানত স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। কিন্তু তাঁকে কোনো জবাবদিহির আওতায় আনা হচ্ছে না, তিনি তাঁর দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ। একইভাবে জ্বালানিমন্ত্রীও নিজের ব্যর্থতার বিষয়ে কোনো জবাব দিতে পারছেন না।
অবিলম্বে এই দুই মন্ত্রীকে সরিয়ে মন্ত্রিসভা পুনর্গঠনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যাঁদের ব্যর্থতা ও অবহেলা সবচেয়ে বেশি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে সরকারের পদক্ষেপের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার এই কমিটি করেছে, যা অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি সাইবার আইনসহ কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট সব নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানান তিনি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে এ ধরনের কোনো কালো আইন পাস হতে দেওয়া হবে না।
আগামী ৩০ অক্টোবর সারা দেশে গণবিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ এই কর্মসূচির নেতৃত্ব দেবেন।
সম্প্রতি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হওয়ায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তবে এতে সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, ‘দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সরকার মানুষকে সামান্য নিরাপত্তাও দিতে পারছে না।’
লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।