বিজ্ঞাপন
রাজনীতি

ঢাকা ছাড়লেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলা সংযোগ ডেস্ক

Published :
ঢাকা ছাড়লেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ছবি: জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ বুধবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সেখানে আয়োজিত ‘দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ (বাংলাদেশ অধ্যয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন) শীর্ষক এক সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।

আজ সকালে বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে - ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।

জানা গেছে, এই আয়োজনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সেখানে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, এর বহুমাত্রিক প্রভাব এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাব্য নতুন ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, তুরস্কের কর্মসূচি শেষে শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সফর শেষে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।