ঢাবিতে বিভিন্ন পরিচয়ে শিবিরের প্রভাব বিস্তারের অভিযোগ রাশেদ খাঁনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরিচয়ের আড়ালে ছাত্রশিবির প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, কখনো সামাজিক সংগঠন, কখনো প্রেসার গ্রুপ, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে ক্যাম্পাসে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে সংগঠনটি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনের আগে একটি পক্ষ ছাত্রদল ও ছাত্রলীগকে একইভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তবে সংগঠন দুটির রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান অবস্থার মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, ছাত্রদল বর্তমানে কোনো হল দখল করেনি এবং গণরুম বা গেস্টরুমের পুরোনো সংস্কৃতিও ফিরিয়ে আনেনি। তাঁর দাবি, মেধার বিকাশকে গুরুত্ব দিয়ে ছাত্রদল দেশজুড়ে গণতান্ত্রিক রাজনীতি পরিচালনা করছে। এই কার্যক্রম বাধাগ্রস্ত করতেই ছাত্রশিবির বিভিন্ন ধরনের বক্তব্য ও বয়ান সামনে আনছে বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রশিবির প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করলে ছাত্রদলের আপত্তি থাকত না বলেও জানান রাশেদ খাঁন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের অতীত আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সময়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে ছাত্রলীগের বাধা ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে তাঁদের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও একাধিকবার হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে ক্যাম্পাসে গণরুম ও গেস্টরুমের যে ব্যবস্থা চালু ছিল, বর্তমানে তা আর নেই।