বিজ্ঞাপন
রাজনীতি

ডাকসু নেতাদের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ, ছাত্রদলের ‘মব সন্ত্রাসে’ উদ্বেগ

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
ডাকসু নেতাদের সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎ, ছাত্রদলের ‘মব সন্ত্রাসে’ উদ্বেগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। এ সময় ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির।

সম্প্রতি ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি, জিএস এবং এজিএস।

সাক্ষাৎকালে ডাকসুর নেতারা তাঁদের মেয়াদ সফলভাবে ও জবাবদিহির সঙ্গে সম্পন্ন করায় তাঁদের অভিনন্দন জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নানা সুবিধা-অসুবিধার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

সাক্ষাৎকালে ডাকসু নেতারা জানান, শিক্ষার্থীদের কল্যাণে ডাকসু যেসব উদ্যোগ নিয়েছে, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহযোগিতা ও বাধা প্রদান করেছে। পাশাপাশি ডাকসু ভবন ও হল সংসদগুলোতে ছাত্রদলের মব সন্ত্রাসের বিষয়টিও তাঁরা তুলে ধরেন। এসব শুনে ডা. শফিকুর রহমান উদ্বেগ প্রকাশ করেন।

ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে অবিলম্বে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছেন ছাত্রনেতারা। এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রনেতাদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।

ডাকসু নেতাদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং ‘জুলাই বিপ্লবের’ আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো মৌলিক সংকট নিরসন এবং ক্যাম্পাসে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিরোধীদলীয় এই নেতা।