বিজ্ঞাপন
রাজনীতি

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের মশাল মিছিল

বাংলা সংযোগ ডেস্ক

Published :
আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোনারগাঁয়ে যুবদলের মশাল মিছিল

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা। শনিবার ( ১৯ সেপ্টেম্বর ) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খায়রুল ইসলাম সজীবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী মোটরসাইকেলের বহর নিয়ে ও হাতে মশাল জ্বালিয়ে অংশ নেন। মিছিলটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মশাল মিছিলে সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, ক্রীড়া–বিষয়ক সম্পাদক করিম রহমান এবং যুবদল নেতা রাকিবুল হাসান, কাইছার আহমেদ, সোহেল রানা, হজরত আলী রানা, আল-আমিন, ওমর ফারুক টিটু, জহিরুল ইসলাম জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সড়ক প্রদক্ষিণ শেষে নেতা-কর্মীরা একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হন। সভায় যুবদলের নেতারা বলেন, দেশে শান্তি, জননিরাপত্তা, মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁরা ঐক্যবদ্ধ। নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা কঠোরভাবে রুখে দেওয়া হবে। সব ধরনের অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।