আগামীর বাংলাদেশে নতুন করে আর কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে কিংবা নিরীহ মানুষের ওপর জুলুম চালায়, তবে এর দায় সরকারপ্রধানকেই নিতে হবে।


আজ বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা ও সভার আয়োজন করা হয়।


প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আপনি অভ্যুত্থানের পর দেশে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার জেলা ও উপজেলার নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে, আমার নিরপরাধ ভাইদের ওপর জুলুম করে-এর দায় আপনাকে নিতে হবে। আপনি কোনোভাবেই এ দায় এড়াতে পারেন না।’


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল-সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ আর হতে দেব না।’ তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের বিবেকবোধ কোনো দলের কাছে বা কোনো মার্কার কাছে বন্ধক দেবেন না। আমরা যদি অন্ধভাবে দাসের মতো কোনো দলকে সমর্থন করি, তবে আগামীর বাংলাদেশে পরিবর্তন কোনো দিন সম্ভব নয়।’


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চাটুকার না হওয়ার আহ্বান জানান সারজিস আলম। তিনি বলেন, বিগত শাসনামলে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বাহিনীকে নিজের ইচ্ছামতো অপব্যবহার করেছেন।


পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই পুলিশ থেকে শুরু করে যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, সবাই নিজেদের কাজের মধ্য দিয়ে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন। মনে রাখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহারের চেষ্টা করবে। কিন্তু আপনারা যদি পেশাদারত্ব ও বিবেক বিসর্জন দেন, তবে নিজের বিবেকের কাছে কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’


দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে এই সংগঠক বলেন, ‘আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থি সরকার চাই। সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশ-ইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে। আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান। আমরা শুধু সেই বাংলাদেশপন্থি সরকারের সঙ্গেই থাকব, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে।’


এনসিপির কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান শাওন ও সদস্যসচিব মাসুদুর রহমান প্রমুখ।
কালিহাতীর কর্মসূচি শেষে এনসিপি নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে আরেকটি পদযাত্রায় অংশ নেন এবং পথসভা করেন।