২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৭ জুলাই) সকালে জামালপুর শহরের পিটিআই মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা সরকারকে দ্রুত ধারণ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অবহেলা করা হলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।


জামালপুর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক শামসুদ্দিন সুলাইমান তাঁর বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় ও জনগণের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার চেষ্টা করা হলে ছাত্র-জনতা রাজপথে থেকে নিজেদের দাবি আদায় করে ছাড়বে। 


জেলা সভাপতি আসাদুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের মানুষ চরম জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। বর্তমান সরকারের উচিত দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। অন্যথায় দেশের সাধারণ ছাত্র-জনতা অধিকার আদায়ে আবারও রাজপথে ফিরে আসবে।


বিক্ষোভ মিছিলে জামালপুর জেলা ছাত্রশিবিরের জেলা সভাপতি, সেক্রেটারি ও সেক্রেটারিয়েটের অন্যান্য সদস্য, বিভিন্ন থানা কমিটির সভাপতিসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক (জনশক্তি) অংশ নেন।

 


এছাড়াও কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌর জামায়াতের মেয়র প্রার্থী, যিনি ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এলটি / বাংলা সংযোগ